নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে ‘মুরতাদ কাফির’ বলে অভিহিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আজ মঙ্গলবার সকালে তিনি তাঁর ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে এই অভিহিতকরণ করেন। তাঁর মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।
ওই শিক্ষকের নাম খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। আজ মঙ্গলবার বেগম রোকেয়া দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।’ ওই শিক্ষক সাজিদ হাসান নামের ফেসবুক আইডির যে পোস্টটি শেয়ার করেছেন, তা মূলত বেগম রোকেয়ার রচনাবলি থেকে ইসলাম-সম্পর্কিত বিভিন্ন খণ্ড খণ্ড অংশ তুলে ধরা হয়েছে। এই স্ট্যাটাস ঘিরে ক্যাম্পাসজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।
মাহমুদুল হাসানের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে রাকসু নির্বাচনের বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক পদের প্রার্থী মামুনুজ্জামান স্নিগ্ধ ফেসবুকে লিখেছেন, ‘যে বিভাগে এই ভদ্রলোক শিক্ষকতা করেন, সেই একই বিভাগে নারী শিক্ষকও রয়েছেন, কেমব্রিজপড়ুয়া ম্যামও আছেন। অনেক সনাতন মেয়েশিক্ষার্থী আছেন, যারা হিজাব ব্যবহার করেন না—এমন শিক্ষার্থীও রয়েছে। অথবা উনার মতের বিপরীতের মানুষও আছেন। এসব মানুষ কি সত্যিই সব নারীশিক্ষার্থীর জন্য নিরাপদ? অথবা বিশ্ববিদ্যালয়ের ধারণার সাথে কি নিরাপদ?’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ও আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মাসুদ রানা লিখেছেন, ‘এ ধরনের মানুষ কিভাবে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে?’
xx
