ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাস (২৭) কে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং দীপুর সহকর্মীরা কেউই কিছু বলতে চাইছেন না। কারখানা কর্তৃপক্ষের দাবি, পুলিশ ডাকার পরও ‘মব’ ঠেকানো সম্ভব হয়নি। পুলিশ জানাচ্ছে, যদি সময়মতো খবর দেওয়া হতো, তাহলে প্রাণ রক্ষা করা সম্ভব হতো।
গত বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র অবস্থায় ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নিহত দীপু চন্দ্র, তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের পুত্র। এই ঘটনার প্রেক্ষিতে, তাঁর ভাই অপু চন্দ্র দাস গত শুক্রবার অজ্ঞাতপরিচয় ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।